
মোঃমাসুদ আলম, ব্যুরো চীফ রাজশাহী
১৯ জুলাই ২০২৬ রবিবার সকালে রাজশাহীর তানোর উপজেলার জিওল মাদ্রাসা সড়কের উদ্বোধন করেন রাজশাহী–১ (গোদাগাড়ী–তানোর) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যাপক মোঃ মুজিবুর রহমান, এমপি এবং তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মোঃ মুজিবুর রহমান এমপি বলেন, বাংলাদেশ একটি সম্ভাবনাময় উন্নয়নশীল দেশ। আমাদের সম্পদের কোনো অভাব নেই; প্রয়োজন সুশাসন, সততা ও দুর্নীতিমুক্ত প্রশাসন। দুর্নীতি ও অপচয় বন্ধ করে সঠিক পরিকল্পনার মাধ্যমে দেশকে একটি আদর্শ, সমৃদ্ধ ও কল্যাণরাষ্ট্রে পরিণত করা সম্ভব, ইনশাআল্লাহ।
তিনি বলেন, বাজেট অধিবেশনের পূর্বেই এলাকার কয়েকটি গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পের অর্থ দ্রুত ছাড়ের উদ্যোগ নেওয়া হয়েছিল। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতায় অর্থ ছাড় নিশ্চিত হওয়ায় স্বল্প সময়ের মধ্যেই জিওল মাদ্রাসা সড়কের নির্মাণকাজ সম্পন্ন করা সম্ভব হয়েছে।
তিনি দ্রুত ও মানসম্মতভাবে কাজ সম্পন্ন করায় সংশ্লিষ্ট নির্মাণসংশ্লিষ্ট ব্যক্তি ও সকল সহযোগীকে ধন্যবাদ জানান। একই সঙ্গে রাস্তা নির্মাণের জন্য যাঁরা স্বেচ্ছায় জমি দান করেছেন এবং বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, তাঁদের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করে বলেন, আল্লাহ তাআলা যেন তাঁদের দুনিয়া ও আখিরাতে উত্তম প্রতিদান দান করেন।
অধ্যাপক মোঃ মুজিবুর রহমান এমপি আরও বলেন, সমাজ, শিক্ষা প্রতিষ্ঠান ও উন্নয়ন কার্যক্রমকে এগিয়ে নিতে পারস্পরিক ঐক্য, সহযোগিতা ও সৌহার্দ্য অপরিহার্য। ব্যক্তিগত মতপার্থক্য বা বিভেদ নয়; বরং সবাইকে একসঙ্গে কাজ করে স্কুল, কলেজ, মাদ্রাসাসহ সকল প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে হবে।
তিনি বলেন, মানুষের কল্যাণে কাজ করাই ইসলামের শিক্ষা। পবিত্র কোরআন ও হাদিসের আলোকে মানুষের উপকারে আসে—এমন প্রতিটি উন্নয়নমূলক কাজে সমাজের সবাইকে অংশীদার হওয়ার আহ্বান জানান।
পরিশেষে তিনি তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং উন্নয়নকাজে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতাকারী সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি ভবিষ্যতেও পর্যায়ক্রমে এলাকার আরও রাস্তা উন্নয়ন ও সংস্কারের উদ্যোগ গ্রহণ করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
এরপর সকাল ১০টায় তানোর উপজেলা পরিষদ হলরুমে ২০২৫–২০২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় সরকারি সহায়তা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে সিলিং ফ্যান, চেয়ার, ঢেউটিন ও সেলাই মেশিন তুলে দেন অধ্যাপক মোঃ মুজিবুর রহমান এমপি।
বক্তব্যের শুরুতে তিনি অনুষ্ঠানের সভাপতি তানোর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আলমগীর হোসাইনসহ উপস্থিত সরকারি কর্মকর্তা, এলজিইডির প্রতিনিধিবৃন্দ, আলেম-উলামা, জনপ্রতিনিধি, সুধীজন এবং উপস্থিত নারী-পুরুষ সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানান।
তিনি মহান আল্লাহর শুকরিয়া আদায় করে বলেন, নতুন অর্থবছরের শুরুতেই অসহায় ও দুঃস্থ মানুষের হাতে প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দিতে পারা মহান আল্লাহর বিশেষ অনুগ্রহ।
তিনি বলেন, ইসলাম মানুষকে দানশীলতার শিক্ষা দিয়েছে। মহানবী (সা.) বলেছেন, “اليد العليا خير من اليد السفلى”—অর্থাৎ দানকারী হাত গ্রহণকারী হাতের চেয়ে উত্তম। তাই সমাজের সামর্থ্যবান মানুষকে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে হবে এবং এমন একটি সমাজ গড়ে তুলতে হবে, যেখানে কাউকে লজ্জায় কারও কাছে হাত পাততে না হয়।
অধ্যাপক মোঃ মুজিবুর রহমান বলেন, সরকারি সহায়তা বিতরণ ও উন্নয়নকাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। সরকারি অর্থ ও সম্পদ জনগণের আমানত। তাই এগুলো ব্যবহারে কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি বা অপচয়ের সুযোগ থাকা উচিত নয়।
তিনি আরও বলেন, প্রকৃত উপকারভোগীদের কাছে সরকারি সহায়তা পৌঁছে দিতে সংশ্লিষ্ট সকলকে সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। সমাজে ন্যায়, সততা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠিত হলে দেশ দ্রুত উন্নতির পথে এগিয়ে যাবে।
অনুষ্ঠানে উপস্থিত সরকারি কর্মকর্তা ও উন্নয়নকাজে সম্পৃক্ত ব্যক্তিদের আন্তরিক সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়ে তিনি ভবিষ্যতেও জনগণের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি), তানোর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ শাহিদুল ইসলাম, জেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম, জেলা শিক্ষা বিভাগের সভাপতি ড. মোঃ ওবায়দুল্লাহ, তানোর উপজেলা আমীর মাওলানা আলমগীর হোসাইন, উপজেলা নায়েবে আমীর মাওলানা আনিসুর রহমান, তানোর উপজেলা সেক্রেটারি ডি. এম. আক্কাশ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রহিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।



