
মোঃ ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার:
যশোর সদর উপজেলার সতীঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিথিকা পালের বিরুদ্ধে দাখিলকৃত বিভিন্ন অভিযোগের তদন্তে সরেজমিনে পরিদর্শন করেছেন শিক্ষা বিভাগের কর্মকর্তারা।
বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ১১টায় বিদ্যালয়ের শ্রেণিকক্ষে উপজেলা শিক্ষা অফিসের গঠিত তদন্ত কমিটির সদস্য উপজেলা শিক্ষা অফিসার নাহিদা আক্তার, সোহরাব হোসেন ও হায়দার আলী তদন্ত কার্যক্রম পরিচালনা করেন।
জানা গেছে, বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ, কর্মচারী, অভিভাবক ও এলাকাবাসীর পক্ষ থেকে প্রধান শিক্ষক বিথিকা পালের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও আচরণগত অভিযোগ এনে লিখিত আবেদন করা হয়।
অভিযোগের পরিপ্রেক্ষিতে গঠিত তদন্ত কমিটি বিদ্যালয়ে উপস্থিত হয়ে সংশ্লিষ্টদের বক্তব্য গ্রহণ এবং প্রয়োজনীয় নথিপত্র ও প্রমাণাদি সংগ্রহ করে।
তদন্ত চলাকালে অভিযোগকারী শিক্ষক, কর্মচারী, অভিভাবক ও এলাকাবাসী লিখিতভাবে তাদের অভিযোগ উপস্থাপন করেন। এ সময় বিদ্যালয়ের অভিভাবক সদস্য আমিনুল ইসলাম প্রধান শিক্ষকের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ধরে বলেন, তার আচরণ ও কর্মকাণ্ডে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা অতিষ্ঠ হয়ে পড়েছেন।
তিনি প্রধান শিক্ষকের বিদ্যালয়ে না আসার দাবি জানান।
অভিভাবক শিলা খাতুন বলেন, প্রধান শিক্ষক যদি এ বিদ্যালয়ে বহাল থাকেন, তাহলে আমরা আমাদের সন্তানদের অন্য বিদ্যালয়ে ভর্তি করব।
এ সময় রামনগর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ডা. আব্দুল আজিজ অভিভাবকদের কাছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে তাদের করণীয় সম্পর্কে জানতে চাইলে উপস্থিত অভিভাবকরা জানান, প্রধান শিক্ষক পুনরায় পাঠদান কার্যক্রমে যুক্ত হলে তারা সন্তানদের ওই বিদ্যালয়ে পড়াবেন না।
ঘটনাস্থলে বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ, কর্মচারী, অভিভাবক ও এলাকাবাসী একত্রিত হয়ে প্রধান শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ ও গণস্বাক্ষর জমা দেন।
এ বিষয়ে তদন্তকারী শিক্ষা কর্মকর্তাদের বক্তব্য জানতে চাইলে তারা বলেন, প্রধান শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগের বিষয়গুলো তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।



