
মোঃ ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার:
মহান বিজয় দিবসে যশোরের সতীঘাটা মাধ্যমিক বিদ্যালয়ে নির্ধারিত সময়ে জাতীয় পতাকা উত্তোলন না করায় অভিভাবক ও সচেতন মহলের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
১৬ ডিসেম্বর মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় সরেজমিনে সতীঘাটা মাধ্যমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, মহান বিজয় দিবস উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি।
মহান বিজয় দিবসে সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিতসহ সকল প্রতিষ্ঠানে যথাসময়ে জাতীয় পতাকা উত্তোলনের সরকারি নির্দেশনা থাকলেও সতীঘাটা মাধ্যমিক বিদ্যালয়ে তা প্রতিফলিত হয়নি। খোদ একটি শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের দায়িত্বহীনতা দুঃখজনক ও অনভিপ্রেত বলে মন্তব্য করেছেন স্থানীয় অভিভাবক ও সচেতন মহল।
এ বিষয়ে বিদ্যালয়ের অভিভাবক মোঃ রমজান আলী ক্ষোভ প্রকাশ করে বলেন,
“বিজয়ের ৫৪ বছর পূর্তির দিনে একটি শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন না হওয়া আমাদের জন্য লজ্জার বিষয়।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে আমরা জবাব চাই। তিনি আরও বলেন, “সরকারের স্পষ্ট নির্দেশনার পরেও যদি কোনো প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন না হয়, তাহলে তা অত্যন্ত দুঃখজনক ও হতাশাজনক।”
এদিকে এ বিষয়ে মুঠোফোনে যোগাযোগ করা হলে সতীঘাটা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন বলেন আমার জানা মতে সরকারি নির্দেশনা অনুযায়ী জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। তবে ওইদিন আমি বিদ্যালয়ে উপস্থিত ছিলাম না।
ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অভিভাবক ও সচেতন মহল বিদ্যালয় কর্তৃপক্ষের আরও দায়িত্বশীল ভূমিকা কামনা করে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের দাবি জানিয়েছেন।



