
ইমরান হোসেন (কেশবপুর) যশোর প্রতিনিধি:
যশোরের কেশবপুরে ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে ডেকে এনে প্রকাশ্যে মারধর ও নগদ ১৭ হাজার ৫০০ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে বিএনপির তিন নেতার বিরুদ্ধে।
এ ঘটনায় কেশবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ভালুকঘর গ্রামের মৃত আনছার আলী বিশ্বাসের ছেলে ভুক্তভোগী মোঃ মিন্টু রহমান জিকো (৩৬) গত ২৭ ফেব্রুয়ারি ২০২৬ (শুক্রবার) রাতে কেশবপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম শহিদ ফেসবুকের মেসেঞ্জারের মাধ্যমে মিন্টু রহমান জিকো কে কেশবপুর বাজারে দেখা করার জন্য বলেন। পরদিন ২৮ ফেব্রুয়ারি দুপুর আনুমানিক ১টার দিকে মিন্টু রহমান জিকো কেশবপুর বাজারের ত্রিমোহিনী মোড়ে পৌঁছালে কেশবপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম শহিদ (৫২), মোঃ মতিন গাজী (৪৫) ও মোঃ ইয়াসিন হোসেন (৩৭) তার জামার কলার ধরে টেনে-হিঁচড়ে ত্রিমোহিনী মোড়ে অবস্থিত বাংলাদেশ কৃষি ব্যাংক-এর পাশে খোরশেদের চায়ের দোকানে নিয়ে যান। সেখানে তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ ও বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগীর দাবি, শেখ শহিদুল ইসলাম তাকে ধরে রাখে, মতিন গাজী তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে কিল-ঘুষি ও লাথি মারে এবং ইয়াসিন হোসেন কাঠের লাঠি দিয়ে আঘাত করে এতে মিন্টু রহমান জিকো গুরুতর ফোলা জখম হয়।
অভিযোগে আরও বলা হয়, মারধরের একপর্যায়ে তার কাছে থাকা ১৭ হাজার ৫০০ টাকা জোরপূর্বক কেড়ে নেওয়া হয় এবং প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হয়।
উক্ত ঘটনার সময়, প্রত্যক্ষদর্শী মাহফুজুর রহমান মিন্টু (৩৪) ও মিলন (৩৬) সহ কয়েকজন স্থানীয় ব্যক্তি উপস্থিত ছিলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে কেশবপুর থানার অফিসার ইনচার্জ সুকদেব রায়ের কাছে জানতে চাইলে তিনি বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



