প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৬, ২০২৬, ৫:২৯ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ৪, ২০২৬, ৭:৪৫ পি.এম
ভোট চাইতে গিয়ে কৃষকের সাথে ধান রোপন করলেন সংসদ সদস্য পদপ্রার্থী রাশেদ খাঁন

নিজ নির্বাচনী এলাকার কৃষকদের পাশে দাঁড়িয়ে ব্যতিক্রমী নির্বাচনী প্রচারণায় অংশ নিলেন ঝিনাইদহ-৪ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতিকের প্রার্থী ও গণ অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খাঁন। কৃষকের কাছে ভোট চাইতে গিয়ে তিনি সরাসরি মাঠে নেমে ধান রোপণ করেন।
বুধবার (৫ ফেব্রুয়ারি) কালীগঞ্জ পৌর শহরের শ্রীরামপুর এলাকার একটি ধানক্ষেতে এ ব্যতিক্রমী এ গণ সংযোগ করেন। এ সময় স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলেন রাশেদ খাঁন এবং তাদের সুখ-দুঃখ, সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন। ধান লাগানোর পর উপস্থিত কৃষকদের উদ্দেশে রাশেদ খাঁন বলেন, এই দেশের অর্থনীতির মেরদন্ড কৃষক। কৃষক বাঁচলে দেশ বাঁচবে। কিন্তু দীর্ঘদিন ধরে কৃষক তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত।
আমি সংসদে যেতে পারলে কৃষকের অধিকার আদায়ে আপসহীন ভূমিকা রাখব।
তিনি আরও বলেন, ধানের ন্যায্য মূল্য, সার-বীজের সহজলভ্যতা, সেচ সুবিধা এবং কৃষিপণ্যের বাজার ব্যবস্থাপনায় মৌলিক সংস্কার আনতে হবে। শুধু ভোটের সময় নয়, সব সময় কৃষকের পাশে থাকতে চাই।
এ সময় রাশেদ খাঁনের সঙ্গে উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কৃষকরাও একজন প্রার্থীকে মাঠে নেমে তাদের সঙ্গে ধান লাগাতে দেখে সন্তোষ প্রকাশ করেন। স্থানীয় কৃষকরা বলেন, একজন সংসদ সদস্য প্রার্থী মাঠে নেমে ধান লাগানো তাদের জন্য সম্মানের এবং আশার বার্তা। তারা কৃষিবান্ধব রাজনীতির প্রত্যাশা করেন।
কপিরাইট © নিউজ বিডি জার্নালিষ্ট ২৪, ২০১৯ - ২০২৫। সর্বস্বত্ব সংরক্ষিত।